চট্টগ্রাম মহানগরের খুলশী থানার হাবিব লেন এলাকার ক্যাপ্টেন দেলোয়ার হোসাইনের ভবনের সিলগালা খুলে দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। ভবন মালিক জরিমানা পরিশোধ এবং নকশাবহির্ভূত অংশ অপসারণের অঙ্গীকারনামা দেওয়ায় বিধি অনুযায়ী ভবনটি পুনরায় খুলে দেওয়া হয়।
সিডিএ সূত্র জানায়, ভবন মালিক স্পেশাল ম্যাজিস্ট্রেটের কাছে আত্মসমর্পণ করে নকশাবহির্ভূত অংশ ভেঙে ফেলার মুচলেকা দেন এবং ধার্য করা জরিমানা পরিশোধ করেন। এরপর আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে ভবনের সিলগালা খুলে দেওয়া হয়েছে। তবে নকশাবহির্ভূত বা অবৈধ নির্মাণের বিরুদ্ধে সিডিএর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।
এর আগে গত ১১ জুন সিডিএর স্পেশাল ম্যাজিস্ট্রেট হামীমুন তানজীনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ভবনের সামনের নকশাবহির্ভূত অংশ ভেঙে ফেলা হয়। অভিযানে সিডিএর অথরাইজড অফিসার-১ কাজী কাদের নেওয়াজ টিপুও অংশ নেন। ভবনের ওপরের নকশাবহির্ভূত অংশ অপসারণ না হওয়ায় সেদিন ভবনটি সিলগালা করা হয়েছিল।
নিরাপত্তা ব্যবস্থা ছাড়া এবং ব্যতিক্রমী ভবনের নির্মাণ কাজ চলমান অবস্থায় পাশের প্লটের বাসিন্দা, শামীম আরা নওশাদ ঝুকিপূর্ণ ভবন নির্মাণ সংশোধনের জন্য ২৩/০৩/২৫ ইং সিডিএ তে একটি লিখিত অভিযোগ দাখিল করেন। সিডিএ সড়েজমিনে পরিদর্শন করে ২০২৫ সালের ২৬ আগস্ট একই ভবনে অভিযান পরিচালনা করে। অভিযানে ভবনের নিচতলা থেকে সপ্তম তলা পর্যন্ত আংশিক অবৈধ অংশ অপসারণ করা হয় এবং নির্মাণ বিধিমালা লঙ্ঘনের দায়ে ভবন মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানের পরেও ভবন মালিক কোনরকম সংশোধন ছাড়া ভেঙ্গে দেওয়া অংশ পুনরায় নির্মাণ করে নকশাবহিভুত কাজ চলমান রাখলে , ভুক্তভোগী শামীম আরা নওশাদ ২৮/১০/২৫ ইং সিডিএ চেয়ারম্যান বরাবর দ্বিতীয় বারের মত অভিযোগ দাখিল করেন।
অভিযোগের ভিত্তিতে সিডিএ সরেজমিনে পরিদর্শন করে সর্বশেষ গত ২৫ মে ক্যাপ্টেন দেলোয়ার হোসাইনকে নোটিশ দেয় সিডিএ। সিডিএ’র অথরাইজড অফিসার-১ কাজী কাদের নেওয়াজ স্বাক্ষরিত ওই নোটিশে ১০ জুনের মধ্যে নকশাবহির্ভূত অংশ ভেঙে ফেলার নির্দেশনা দেয়া হয়। ওই নির্দেশনা বাস্তবায়ন না হওয়ায় বৃহস্পতিবার ১১ জুন এনফোর্সমেন্ট পরিচালনা করে সিডিএ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভবনটি নির্মাণে বিল্ডিং কোড অনুসরণ করা হয়নি। নিয়ম অনুযায়ী চারপাশে প্রয়োজনীয় খালি জায়গা না রেখে পুরো প্লটজুড়ে ভবন নির্মাণ করায় অগ্নিকাণ্ড বা প্রাকৃতিক দুর্যোগের সময় ঝুঁকি তৈরি হতে পারে। এসব অভিযোগের ভিত্তিতেই সিডিএ একাধিকবার পরিদর্শন ও নোটিশ জারি করে।
সিডিএর অথরাইজড অফিসার-১ কাজী কাদের নেওয়াজ টিপু বলেন, ভবন মালিক জরিমানা পরিশোধ এবং অবৈধ অংশ অপসারণের লিখিত অঙ্গীকার দেওয়ায় বিধি অনুযায়ী সিলগালা খুলে দেওয়া হয়েছে। তবে ভবিষ্যতেও নকশাবহির্ভূত নির্মাণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply