চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে অভিযানকালে দুর্বৃত্তদের হামলায় র্যাব কর্মকর্তা মোতালেব হোসেন ভূঁইয়া নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলার এক পলাতক আসামি ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফফর হোসেন জানান, রবিবার ও সোমবার (২৫ ও ২৬ জানুয়ারি) নগরের খুলশী ও বায়েজিদ বোস্তামী এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, গত ২৫ জানুয়ারি বিকেলে খুলশী থানার ইস্পাহানি মোড় এলাকা থেকে মামলার পলাতক আসামি মো. মিজান (৫৩)কে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার নড়ুমপুর গ্রামে। পরদিন ২৬ জানুয়ারি ভোরে বায়েজিদ বোস্তামী থানার বগুড়া নিবাস এলাকায় অভিযান চালিয়ে মো. মামুন (৩৮)কে গ্রেপ্তার করা হয়। মামুন পলাতক আসামির সহযোগী হিসেবে জড়িত বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার কালাভানিয়া গ্রামে।
প্রসঙ্গত, গত ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুর এলাকায় সশস্ত্র অপরাধীদের ধরতে অভিযান চালায় র্যাব। এ সময় দুর্বৃত্তদের হামলায় চার র্যাব সদস্য গুরুতর আহত হন। আহতদের চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উপসহকারী পরিচালক মোতালেব হোসেন ভূঁইয়াকে মৃত ঘোষণা করেন। অপর তিন সদস্য বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় ২২ জানুয়ারি র্যাব-৭ বাদী হয়ে সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করে। মামলায় ২৯ জনকে এজাহারভুক্ত এবং অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। মামলাটি দণ্ডবিধির হত্যা, হত্যাচেষ্টা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা, চাঁদাবাজি, অপহরণ ও ভাঙচুরসহ একাধিক ধারায় নথিভুক্ত করা হয়েছে।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত দুজনকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে গত ২৩ জানুয়ারি চট্টগ্রাম থেকে তিনজন এবং পরদিন কক্সবাজার থেকে আলী রাজ নামের আরও এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল।
Leave a Reply